২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কাঁচাবাজার গেল খেলার মাঠে

গোপালগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে জেলা শহরের সবজি, মাছ ও মাংসের বাজার একটি খেলার মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 02:56 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার সকালে স্থানীয় শেখ কামাল আউটার ক্রিকেট স্টেডিয়ামে এ বাজার বসানো হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কিন্তু বাজারগুলোয় সব সময় ভিড় লেগে থাকে। এখানে ঝুঁকি বেশি। শহরের বড় বাজারের সবজি, মাছ ও মাংসের দোকানের লোকসমাগম ঠেকানো যাচ্ছিল না। তাছাড়া ওই বাজারের স্থানটাও ঘিঞ্জি। এ কারণে কাঁচা বাজার খোলা মাঠে বসানো হয়েছে।

বাজারে বসেছে দুই শতাধিক অস্থায়ী দোকান। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বাজার চলবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

এই বাজারের সবজি বিক্রেতা আলীমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঠে বাজার বসিয়ে প্রশাসন ভাল কাজ করেছে। সবজি বাজার একেবারেই ঘিঞ্জির মধ্যে। ওখানে দোকানে দুজন লোক দাঁড়ালে অন্যরা আর যাতায়াত করতে পারে না।”

ক্রেতারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মতিউর রহমান মতিন নামে এক ব্যক্তি বাজার করতে এসে বলেন, “এ উদ্যোগ প্রসংশনীয়। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বা বিচ্ছিন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মাঠের  বাজারে এসে সামাজিক দূরত্ব বাজার রেখে কেনাকাটা করা যাচ্ছে। এতে ঝুঁকি কিছুটা হলেও কমবে।”

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলা হচ্ছে। সেজন্য বন্ধ করা হয়েছে প্রায় সব প্রতিষ্ঠান।

কিন্তু জনজীবন সচল রাখার জন্য খোলা রাখতে হচ্ছে হাট-বাজারসক কিছু ক্ষেত্র। এতে আতঙ্ক থাকছে। বাংলাদেশের হাটেবাজারে অল্প পরিসরে অনেক লোক ঠাসাঠাসি করে চলে। এ কারণে দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই হাট-বাজার খোলা মাঠে সরিয়ে নিয়েছে প্রশাসন।