চাঁদপুরে আইসোলেশন ইউনিটে একজনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।
৩৩ বছর বয়সী এই ব্যক্তিকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হলে ভোরের দিকে তিনি মারা যান বলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই ব্যক্তির বাড়ি সদর উপজেলার হরিনা এলাকায়। তিনি অসুস্থ হলে সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে আনেন তার স্বজনরা।
“তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।”
মৃতদেহ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে তিনি জানান।
