‘হাসপাতালের এমন চিত্র আগে কখনও দেখিনি’
করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে ঠাকুরগাঁও সদর হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা কমে গেছে ৮০ শতাংশের বেশি।
যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের দেখতে আসা আত্মীয়-স্বজনের সংখ্যাও গেছে কমে। ফলে নীরবতায় ভরা প্রাণহীন এক ক্ষেত্র হয়েছে হাসপাতালটি এখন।
সোমবার দুপুরে হাসপাতালের সামনে যেতেই দেখা গেল গা ছমছম করা পরিবেশ। হাসপাতাল পরিত্যক্ত ঘোষণা করে সবাই চলে গেছে যেন। হাসপাতাল ভবনের কাছে এগিয়ে গেলে মনে হল দু-চারজন লোক আছে।
হাসপাতালের নার্স আয়েশা সিদ্দিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের আতঙ্কে রোগী কম আসছেন। যারা ভর্তি হচ্ছেন তারা আবার স্বেচ্ছায় চলে যাচ্ছেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শিশু, কার্ডিওলজি, সার্জারি, গাইনিসহ বিভিন্ন ওয়ার্ডে সারি সারি বিছানা খালি পড়ে রয়েছে। তবে অন্যান্য ওয়ার্ডে সাধারণ কিছু রোগী আছেন।
কিছুদিন আগেও সংবাদ সংগ্রহের কাজে হাসপাতালে গেলে দেখা যেত, রোগীর চাপে বেসামাল চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা।
হাসপাপাতালের কর্মচারী জিয়ারুল ইসলাম বলেন, “ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েকটি জেলার রোগীরা এ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতেন। একটা সময় হাসপাতালের বেড কিংবা ফ্লোরেও জায়গা না পেয়ে সিঁড়ির পাশে সারিবদ্ধভাবে থাকতেন রোগীরা আর তাদের স্বজনরা। এখন আর হাসপাতালে তেমন মানুষজনের আনাগোনা নেই। থেমে গেছে ডাক্তার-নার্সদের ছুটিছুটি।”
এর আগে কখনও হাসপাতালের এমন চিত্র দেখেননি বলে জানান চিকিৎসকরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ চপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের আতঙ্কে সবার মনে ভয় ঢুকেছে। এজন্য রোগীরা হাসপাতালমুখী হচ্ছেন কম। হাসপাতালের এমন চিত্র আগে কখনও দেখিনি।”
সফিকুল বলেন, “এই এত বড় ওয়ার্ডে মাত্র ছয়জন রোগী আছে। কেমন যেন ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে। এমন পরিবেশ এর আগে কখনও দেখিনি। হাসপাতালে থাকতে ভয় লাগছে।”
হাসপাতালে বুকে ব্যথার চিকিৎসা নিতে এসেছেন বলে জানালেন নিজেকে জেসমিন আক্তার নামে পরিচয় দেওয়া এক নারী।
তিনি বলেন, “ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নিয়েছেন। কিন্তু এই ওয়ার্ডে মাত্র চারজন রোগী আছেন। কমবেশি প্রত্যেকটি ওয়ার্ডসহ পুরো হাসপাতাল জনশূন্য। কেমন কেমন যেন লাগছে।”
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকাই এখন পর্যন্ত সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তাই অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। ঠাকুরগাঁও তেমনি একটি জেলা।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে আলাদা ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন বলেন, ওই ওয়ার্ডে চার শিফট করে চিকিৎসাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে টানা সাত দিন সেবা দেবেন। তারপর তারা ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকবেন।
