২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২২৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

পাবনায় ২২৯ বস্তা চালসহ ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সরদারকে আটক করেছে র‌্যাব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 12:06 AM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র‌্যাব চালসহ তাকে আটক করে বলে জানিয়েছেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার।

আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে ওই উপজেলার রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজের ব্যবসায়িক গুদাম ঘরে রেখেছিল।

“সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র‌্যাব হাতেনাতে এ চাল উদ্ধার করে এবং চেয়ারম্যানকে আটক করে।”

এ রির্পোট লেখা পর্যন্ত র‌্যাব বাধেরহাটের ঐ অফিসে তল্লাশি চলছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাধেরহাট এলাকার কয়েকজন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সারাদেশের মত পাবনায়ও ত্রাণ তৎপরতা শুরু হয়। ত্রাণ কার্যক্রম শুরু হলে কোরবান চেয়ারম্যান চরাঞ্চল অধ্যূষিত ঢালারচর ইউনিয়ন পরিষদে না নিয়ে নিজের গুদাম ঘরে নিয়ে বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রি করছিলেন। এরই জের ধরে সোমবার রাতে সেইসবসহ হাতেনাতে ধরে ফেলে র‌্যাব সদস্যরা। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, “র‌্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশি তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”