২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে খাদ্য সহায়তার দাবিতে কর্মহীনদের বিক্ষোভ

করোনভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারের ঘরে থাকার নির্দেশনায় যশোর সদরের কর্মহীন মানুষ খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছেন।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 11:25 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সোমাবার শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ দেখান।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা গিয়ে তাদের সহায়তার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ছুটি ঘোষণা করে সরকার সবাইকে ঘরে থাকতে বলে এবং কর্মহীনদের খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেয়। কিন্তু সহায়তার দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। 

সরেজমিনে দেখা যায়, যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা সকাল ১০টার দিকে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টার বিক্ষোভ চলাকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে।

এরপর তারা মাইকে সবাইকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার তানজিলা আকতার।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি বলেন, ত্রাণ যৎসামান্য; সবাইকে একবারে দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে।

বিক্ষোভের পর জেলা প্রশাসক তাকে ডেকে পাঠিয়েছেন এবং ত্রাণ সমন্বয়ের ব্যাপারে আলোচান করেছেন বলে জানান হাবিবুর রহমান।