২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামে ২৫ বছরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 09:53 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

এ ঘটনায় ওই গ্রামসহ আশপাশের চারটি গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন বলে জানিয়েছেন নড়াইলের সিভিল সার্জন ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার রাত সাড়ে ৮টায় নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারমধ্যে লিখিত ও মৌখিকভাবে ১৭টির ফলাফল পাওয়া গেছে।

“১৬টি ফলাফল নেগেটিভ এবং একটি পজেটিভ এসেছে। বাকি ৬টির রিপোর্ট এখনও পাওয়া যায়নি। যার রিপোর্ট পজেটিভ এসেছে সেটা আমরা মৌখিক ভাবে জানতে পেরেছি। আশা করি আগামীকাল লিখিত রিপোর্ট পাব।”

সম্প্রতি ঐ যুবক নারায়নগঞ্জ থেকে পালিয়ে নিজ বাড়ি নড়াইলে আসেন। অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। বর্তমানে ঐ যুবক বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা মোটামুটি ভালো বলে জানা গেছে বলে জানান তিনি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান, পারছাতরা, ছাতরা, নারানদিয়া ও জয়পুর পূর্বপাড়াসহ চারটি গ্রাম লকডাউন করা হয়েছে।

“মাইকিং করে বিষয়টি জনসাধারনকে সতর্ক করা হয়েছে।”