২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার চাল: পরিবেশককে জরিমানা

নীলফামারীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে বেশি টাকা আদায় করায় এক পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 08:50 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার দুপুরে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান।

দণ্ডাদেশ প্রাপ্ত হাবিবুর রহমান নীলফামারী জেলা খাদ্য বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচির পরিবেশক এবং তিনি দুহুলী গ্রামের আতাউর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, “অতিরিক্ত অর্থ নেওয়া কথা স্বীকার করেছেন ওই পরিবেশক। তাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।”

জেলা খাদ্য দপ্তর সূত্র জানায়,‘খাদ্য বান্ধব কর্মসূচির পরিবেশক হাবিবুর রহমানকে দুহুলী বাজার পয়েন্টে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য পাঁচশ সুবিধাভোগী কার্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী ওই পরিবেশককের কাছ থেকে ১০ টাকা কেজি দরে প্রত্যেক সুবিধাভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন। সোমবার ওই পরিবেশককের কাছে সুবিধাভোগীরা চাল নিতে গেল প্রত্যেকের কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকা পরিবর্তে ৩১০ টাকা অতিরিক্ত নেন পরিবেশক হাবিবুর রহমান।

এছাড়াও নিয়ম অনুযায়ী কার্ডগুলো সুবিধোভোগীদের হাতে থাকার কথা। তবে এসব কার্ড সুবিধাভোগীদের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দেন ওই পরিবেশক বলে জানান ‍তিনি।

এ বিষয়ে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান বলেন, “অতিরিক্ত অর্থ আদায় এবং কার্ড বিতরণ না করে নিজের কাছে রেখে দেওয়ার পরিবেশকের বিরুদ্ধে অভিযোগ করেন সুবিধাভোগীরা। এমন খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই পরিবেশকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক।

তিনি আরো বলেন,“এ ঘটনায় ঐ ডিলারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”