২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আরও ৬ জন আক্রান্ত

গোপালগঞ্জে তিন পুলিশ সদস্যসহ আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 07:40 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট নয়জনে দাঁড়াল। তাদের মধ্যে আট পুরুষ ও একজন মহিলা।

সিভিল সার্জন বলেন, “রোববার ৫৮ জনের নমূনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ছয়জনের করোনাভাইরাস পজেটিভ হয়েছে।”

এরা হলেন- মুকসুদপুর থানার ৩ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলার উরফী গ্রামের একজন জন, চন্দ্রদীঘলিয়া গ্রামের ১ জন ও গোলাবড়িয়া গ্রামের ১ জন।

সদর উপজেলার আক্রান্তরা সবাই গর্মেন্টস কর্মী। তারা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে পালিয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে এসেছে। আক্রান্ত ব্যক্তি ও তাদের আশপাশের বাড়ি লকডাউন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে এবং আক্রান্তদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, মুকসুদপুর থানার এক কনস্টেবল গত ৬ এপ্রিল জ্বরে আক্রান্ত হয়ে ছুটি নিয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান। পরে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ওই থানার পুলিশ সদস্যের মধ্যে ওসিসহ সাতজনকে থানা কম্পাউন্ডের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে ও অন্যদের মুকসুদপুর সরকারি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তার মধ্যে তিন জনের রির্পোটে করোনাভাইরাস পজেটিভ আসে। তবে আক্রান্ত তিনজনের মধ্যে একজন ছাড়া আর কা‌রো শরী‌রে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যা‌চ্ছে না।”