২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেতনের জন্য’ কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে, যিনি বেতনের জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 03:09 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

শুক্রবার সকালে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় তার লাশ পাওয়া যায় বলে জানান চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান।

নিহত মোহাম্মদ লোকমান (৩২) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কালারমার পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের বুকের বামপাশে ক্ষত চিহ্ন থাকার তথ্য জানালেও আঘাতটি গুলি নাকি ছুরিকাঘাতের তা নিশ্চিত নন বলে জানিয়েছেন ওসি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর রহমান বলেন, লোকমান চট্টগ্রাম বন্দরের একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। চলমান করোনা পরিস্থিতিতে তিনি কুতুবদিয়ায় চলে আসেন।

“বেতনের টাকা উত্তোলনের জন্য চট্টগ্রাম যাওয়ার পথে রোববার সন্ধ্যায় লোকমান চকরিয়ার ডুলাহাজারায় শ্বশুরবাড়ি আসেন।”

ওসি বলেন, সোমবার ভোরে ফজরের নামাজের সময় লোকমান চট্টগ্রামের উদ্দ্যেশে শ্বশুরবাড়ি থেকে বের হন বলে স্বজনরা জানান।

“সকালে ডুলাহাজারা রিংভং নতুন মসজিদ এলাকার মুসল্লিরা রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।”

ওসি বলেন, নিহতের বুকের বামপাশে একটি ক্ষত চিহ্ন থাকলেও আঘাতটি গুলি নাকি ছুরিকাঘাতে ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান ওসি।

নিহতের স্ত্রী রিফা আক্তার বলেন, তার স্বামী চট্টগ্রাম বন্দরের একটি ট্রান্সপোর্টে মালামাল উঠানামার শ্রমিকের কাজ করতেন। ভোরে শ্বশুরবাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনার কিছুক্ষণ পর স্থানীয়রা গুলির শব্দ শুনতে পান। পরে তারা রাস্তার পাশে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পান।