টঙ্গীতে কারখানায় বেতনের দাবিতে বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকালে টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন।পরে পরিশোধের আশ্বাসে তারা ফিরে যান।
কারখানার নিটিং অপারেটর সালমা বলেন, দীর্ঘদিন ধরেই এ কারখানা থেকে আন্দোলন করে বেতন-ভাতা নিতে হয়। বিসিক এলাকার সব কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে।
“আমাদের গত ৫ এপ্রিল বেতন দেওয়ার কথা বলে ৪ এপ্রিল কারখানা বন্ধ দেয়; কিন্তু ৫ এপ্রিল বেতন না দিয়ে নোটিশ টানিয়ে দেয় যেখানে বলা হয় ১৩ এপ্রিল বেতন দেওয়া হবে। কিন্তু ১৩ এপ্রিল শ্রমিকরা বেতনের জন্য গেলে জানানো হয় ১৬ তারিখে বেতন দেবে।”
তিনি বলেন, বার বার বেতন দেওয়ার তারিখ পরিবর্তন করার প্রতিবাদে শ্রমিকরা সোমবার সকাল ৮টার পর থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
একই কথা বলেন কারখানার শ্রমিক সালমা।
তিনি বলেন, “মালিক আমাদের সঙ্গে কোনো কথা না বলেই বার বার বেতন দেওয়ার তারিখ পরিবর্তন করে শুধু নোটিশ টানিয়ে দেয়। আর শ্রমিকরা বেতনের জন্য ঘুরে যান। বেতন না পেয়ে আমাদের দুর্দিন যাচ্ছে।”
টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতনের জন্য এসেছিল। পরে শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সমঝোতার পর ১৬ এপ্রিল বেতন দেওয়ার কথা ঘোষণা দিলে শ্রমিকরা ‘আন্দোলন’ ছেড়ে চলে যান।
