বিক্রি নেই, ‘ক্ষতির মুখে’ ফরিদপুরের ফুল চাষিরা
করোনাভাইরাসের কারণে প্রায় সব বন্ধ থাকায় ক্রেতা না পেয়ে বিপাকে পড়েছেন ফরিদপুরের ফুল চাষিরা।
সদর উপজেলার আলীয়বাদ এলাকার কয়েকটি ফুল বাগানে সরেজমিনে দেখা যায়- বিক্রয় বা বাজারজাত করতে না পারায় চাষিদের ফুল গাছেই শুকিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু বাগানের ফুল ছিড়ে ফেলে দিতে হচ্ছে।
চাষিরা বলছেন, করোনাভাইরাসের কারণে জাতীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। ফুল বিক্রি করতে না পারায় শ্রমিকদের বেতনও দিতে পারছেন না তারা।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, “চাষিরা বিভিন্ন দিবসকে সামনে রেখে ফুল চাষ করে থাকে। তবে সারা বছরই ফুলের চাহিদা থাকে। আর মধ্যে মার্চ ও এপ্রিল মাসে ফুলের চাহিদা বেড়ে যায়। ফুল চাষ করে জেলার অনেক চাষিরা স্ববলমম্বী হয়ে উঠেছে। কিন্তু করোনার প্রভাবে ক্ষতির মুখে পড়ছে চাষিরা ।”
ফরিদপুরের গদারধর ডাঙ্গা এলাকার জারবেরা ফুলের চাষি আনোয়ার হোসেন বলেন, “ফুলকে কেন্দ্র করেই আমাদের সবকিছু। করোনাভাইরাসের প্রভাবে আমরা ফুল বিক্রি করতে পারছি না। অনেক ফুল গাছে শুকিয়ে যাচ্ছে। অনেক ফুল গাছ বাঁচিয়ে রাখার জন্য ফুল ছিড়ে ফেলে দিচ্ছি। লেবারের টাকাও দিতে পারছিনা।
“সরকারি সহযোগিতা ছাড়া আমরা আর ঘুরে দাঁড়াতে পারব না।”
“চলতি মৌসুমে ধার করে আরও কয়েক প্রকার ফুলের আবাদ করেছি। কিন্ত এই করোনা এখন আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। জানি না কিভাবে লোনের টাকা শোধ কররো। এভাবে চলতে থাকলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে যাব।”
ফুল চাষিদের সরকারি সহায়তার দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কৃষি কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের সরকাররের সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।
