২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সাতজন শনাক্ত, গজারিয়ায় জরুরি বিভাগ বন্ধ

মুন্সীগঞ্জে দুই নারীসহ সাত করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 02:35 AM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শুক্রবার মধ্য রাতে আইইডিসিআর মুন্সীগঞ্জের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন।

মুন্সীগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর ও টঙ্গীবাড়ি উপজেলায় রাতেই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

এদের মধ্যে দুই নারী রোগী একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার এবং অন্যজন সিরাজদিখানের বাসিন্দা।

পাঁচ পুরুষ রোগীর মধ্যে দুজন গজারিয়ার। এরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং আরেকজন উপজেলার এক গ্রামের বাসিন্দা।

টঙ্গীবাড়ি উপজেলায় দুজন পুরুষ এবং শ্রীনগর উপজেলার অপর পুরুষ রোগীর বাড়ি।

গত ৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন পরীক্ষার জন্য ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সাতজনের রিপোর্ট পজেটিভ এল।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, এদের অধিকাংশই নারায়ণগঞ্জের সঙ্গে সম্পর্কিত হয়ে সংক্রমিত হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে সংশ্লিষ্টরা জানান, টঙ্গীবাড়ির একজন মীরপুর থেকে সংক্রমিত হয়েছেন।

এদিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে ঢাকায় ভর্তি করার জন্য রাতেই মুন্সীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এই অ্যাম্বুলেন্সে অপর রোগীকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।

মেডিকেল অফিসার সংক্রামিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া নির্দেশ দিয়েছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন বলেন, “তাই আপতত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।”

তিনি জানান, পজেটিভ পাওয়া সকলের সাথেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। সাতজনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বণিক জানান, পজেটিভ দুজনের নমুনা মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছিল। যদিও একজনের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায়। এই দুজনের সাথে কথা হয়েছে। তারা বাড়িতেই আছেন।

“সকালে গিয়ে বাড়ি লকডাউন ছাড়াও আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হবে।”