২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আক্রান্ত জেলা থেকে ফেরা লোকজন ঘিরে ‘আতঙ্ক’

করোনাভাইরাস ছড়িয়ে পড়া কয়েকটি জেলায় কর্মরত গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার লোকজন ছুটির কারণে বাড়ি ফিরেছেন। কিন্তু তারা ‘হোম কোয়ারেন্টিন’ না মেনে ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।   

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2020, 04:41 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

স্থানীয়রা জানান, গত কয়েকদিনে গোপালগঞ্জ সদর,কাশিয়ানী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু মানুষ ফিরেছেন। এতে এসব উপজেলায় সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে বলে তার আশঙ্কা করছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত এলাকায় কর্মরত লোকজন বাড়িতে ফিরছেন। তারাই এখন সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। এদের চিহ্নিত করে ‘হোম কোয়ারেন্টিন’ নিশ্চিত করতে হবে।” 

নাম প্রকাশ না করার শর্তে মুকসুদপুর উপজেলার কয়েকজন জানান, এ উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের শেখ পাড়ার কয়েকজন গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসে। এরপর থেকে তারা ঘুরে বেড়াচ্ছেন। তার গার্মেন্টস শ্রমিক।

তাদের স্থানীয়রা ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার কথা বললেও তারা তা মানছেন না। এতে প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী বলেন, “উপজেলায় আসা লোকজনের তথ্য স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।”

কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের পরশ উজির বলেন, “উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া, চাপ্তা ও চরচাপ্তা গ্রামে নারায়ণগঞ্জ, ঢাকা, শরীয়তপুর ও মাদারীপুর থেকে লোকজন বাড়িতে এসে এলাকায় অবাধে ঘোরাফেরা করছে। তাদের ঘরে থাকতে বলা হলেও তারা তা শুনছেন না। এতে আতঙ্কিত গ্রামবাসী।

সমাজসেবক মুন্সী ওয়াহিদুজ্জামান বলেন, “করোনাভাইরাস সংক্রমিত এলাকা থেকে মানুষ দলে দলে গোপালগঞ্জে আসছে। এদের নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, “ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জসহ করোনা সংক্রমণ এলাকা থেকে লোকজন কাশিয়ানীতে প্রবেশ করছে। আমরা খোঁজ-খবর রাখছি। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করছি।”