চাঁদপুর জেলা অবরুদ্ধ ঘোষণা
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে চাঁদপুর জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান একথা জানান।
এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি জেলা প্রশাসক নিজের ফেইসবুকেও আপলোড করেছেন।
এর আগে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কক্সবাজার ও জামালপুর জেলা অবরুদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা ‘লকডাউন’ থাকবে।”
“এ জেলায় বাইরের মানুষের প্রবেশ এবং এখান থেকে কারও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে এ জেলার সঙ্গে বাইরের যাতায়াত বন্ধ থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ধরনের গণপরিবহন, জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, করোনাভাইরাসে চাঁদপুর জেলায় কোনো নারী কিংবা পুরুষ এখনও পর্যন্ত আক্রান্ত হয়নি এবং কারও মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
তিনি বলেন, পাশের জেলা নারায়ণগঞ্জ থেকে বাড়িফেরা নতুন ১৭৬ জনকে বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
“এছাড়া সর্দি, জ্বর ও কাশি থাকায় ৩ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।”
