মৌলভীবাজারে জ্বর-শ্বাসকষ্টে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ
মৌলভীবাজারের কমলগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে।
রহিমপুর ইউনয়িনের কালেঙ্গা গ্রামে বাড়িতে বুধবার দুপুরে ২ বছর বয়সী শিশুটির মৃত্যু হয় বলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান।
তিনি বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
“এদিকে জ্বর-শ্বাসকষ্টে শিশুটির মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ”
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, “সম্প্রতি শিশুটি হাসপাতালে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার চিকিৎসা শেষে বাড়ি ফেরে। দুপুরে জ্বর-শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল বলেন, পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে শিশুটি করেনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা। তবে এই সময় পর্যন্ত সতর্কতার জন্য তার পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
