২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু, ১৬ বাড়ি অবরুদ্ধ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় এক ব্যক্তির মৃত্যুর পর গ্রামটির ১৬টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বাগধা গ্রামে নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2020, 09:04 PM

Updated : 18 Aug 2022, 02:49 PM

মৃত ব্যক্তি পেশায় যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই সতর্কতা হিসেবে ১৬টি বাড়ি ‘লকডাউন’ করা হয়েছে। ওই বাড়িগুলোতে বসবাসকারী কেউ বাইরে রেব হতে পারবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে।

“নিয়ম অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসন জানায়, এ নিয়ে বরিশাল জেলায় অবরুদ্ধ (লকড ডাউন) হওয়া বাড়ির সংখ্যা দাঁড়াল ৮৬-তে।