পাবনায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
পাবনায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি মাদক বিক্রেতা ছিলেন বলে পুলিশের ভাষ্য।
নিহত আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) জেলার সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে।
শুক্রবার গভীর রাতে উপজেলার করমজা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, “কালামের নামে বিভিন্ন থানায় ডজন খানেক মাদক মামলা রয়েছে। রাতে তাকে আটক করে আনার সময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।
“পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে কালামের লাশ উদ্ধার করে পুলিশ।”
এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও কালু জামিনে ছিলেন জানিয়ে তিনি বলেন, কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করতেন। জামিনে বের হয়ে আবার এটা শুরু করতেন।
মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্যে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
