২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর  শিক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 05:18 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিকদার এ বিজ্ঞপ্তিতে জানান, ১৮ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম এবং ২২ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনসমাগম এড়িয়ে বাসায় নিরাপদে অবস্থান করার অনুরোধও করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার শঙ্কায় শিক্ষামন্ত্রণালয় এ মাসে বাকী দিনগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর একে একে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র বন্ধ করা হয়েছে।  এছাড়াও সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

এদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সত্তরোর্ধ্ব বয়সী একজনের মৃত্যুর তথ্য দেন তারা; যিনি বিদেশফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে, বিশ্বের ১৫৮টি দেশে ২ লাখ ১৮ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃতের সংখ্যা ৮৮০০ ছাড়িয়ে গেছে বলে তথ্য দিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।