নীলফামারীতে মাইক্রো-ট্রাক্টর সংর্ঘষে নিহত ২
নীলফামারীর ডোমার উপজেলায় একটি ট্রাক্টরের সংঘর্ষে মাইক্রোবাসের দুই নারী নিহত হয়েছেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, উপজেলার ডোমার-দেবীগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ি গ্রামের লালার খামার মহল্লার জাহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগম (৪০) ও পানিয়াল ইসলামের স্ত্রী সখিনা বেগম (৫৫)।
আহতদের মধ্যে মাইক্রোবাস চালক আব্দুল মজিদ (৩৫) ও যাত্রী হামিদা বেগমকে (৫৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের অপর তিন যাত্রী জয়িতা আক্তার (১২), জান্নাত আক্তার (১০) ও লতিফা বেগম (২২) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
হতাহতদের বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ি গ্রামের লালার খামার এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে ওসি বলেন, পঞ্চগড়েরর দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকা থেকে বর-কনে নিয়ে মাক্রোবাসটি লালার খামার এলাকায় ফিরছিল।
“পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মাক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুড়ছে সড়কের পাশের খালে পড়ে যায় এবং রুনা ঘটনাস্থলেই নিহত হন।”
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সখিনা মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, রাতেই অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলা থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
