২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় গুরুতর আঘাত পাওয়া অজ্ঞান শিশু উদ্ধার

মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাত পাওয়া অজ্ঞান অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে গাজীপুর পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 11:58 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

রোববার কালিগঞ্জ উপজেলার আজমতপুরে জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কের পাশে ছেলেটিকে (১১) পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির পরনে সাদা পায়জামা আর গায়ে লাল গেঞ্জি রয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি মিজানুল হক জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

“তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।”

ওসি মিজানুল জানান, উদ্ধারের পর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার পুলিশের তত্ত্বাবধানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“ছেলেটির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে রয়েছে সাদা পায়জামা ও লাল গেঞ্জি।” 

আহত ছেলেটির সঙ্গে থাকা এএসআই কাজী কামাল বলেন, ছেলেটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথার সিটিস্ক্যান করে সেখানে রক্ত জমাট বাধা অবস্থায় পাওয়া গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। সোমবার অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“উদ্ধারের পর থেকে আমি ছেলেটির সঙ্গেই আছি। তার চিকিৎসার সকল খরচ আমরাই বহন করছি।”