২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, মটর শ্রমিক নিহত

গাজীপুর শহরে বালিভর্তি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক মটর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 11:43 AM

Updated : 10 Oct 2022, 07:01 PM

সদর থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান, শহরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমন (১৮) পিকআপ চালকের সহকারী। তার বাড়ি ময়মনসিংহের পূর্বধলা এলাকায় বলে জানালেও পুলিশ নির্দিষ্ট ঠিকানা বলতে পারেনি।

এসআই সানোয়ার বলেন, পোড়াবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসার সামনে একটি বালিভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি পিকআপ ফল ও সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ইমন নিহত হন।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে পিকআপের সামনের কিছু অংশ কেটে হতাহতদের উদ্ধার করে। তারা তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের নাম মো. দেলোয়ার হোসেন ও লাল মিয়া বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি।