ফরিদপুরে ট্রাকচাপায় বাইক আরোহী ২ গরু ব্যবসায়ী নিহত
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন ওরফে মুন (৪১)। তারা দুইজনই গরু ব্যবসায়ী।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন জানান, দুই গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে খলিলপুর থেকে শিবরামপুরের দিকে আসছিলেন। পথে অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। মোনায়েম মারা যান হাসপাতালে নেওয়ার পথে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
