কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি এক রোহিঙ্গা ডাকাত নিহত হওয়ার খবর জানিয়ে র্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুরালী পাড়ার পাহাড়ি এলাকায় রোববার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান।
নিহত নুরুল আমিন ওই এলাকার মকতুল হোসেনের ছেলে।
র্যাব বলছে, নুরুল ‘সংঘবদ্ধ ডাকাতদলের সর্দার’। তিনি ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে নুরুলী পাড়ায় আসার পর থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনার বর্ণনায় লেফটেন্যান্ট শাহেদ বলেন, ঘটনাস্থলে ডাকাতদের অবস্থানের খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এছাড়া এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থলে তল্লাশি করে দুটি দেশীয় বন্দুক, চারটি গুলি, ১২টি সিম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে শাহেদ জানান।
