২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে সাধুবাদ অভিষেকের বাবার

যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম কাণ্ডারি অভিষেক দাসের পরিবারের সাধুবাদ পেলেন তার জেলা নড়াইলের সন্তান বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুব রশীদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 12:08 AM

Updated : 18 Aug 2022, 02:30 PM

পেসার মাশরাফির বেড়ে ওঠা যে শহরে, সেই নড়াইলের বড় হয়েছেন অভিষেক।

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ধরাশয়ী করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে তিনিই সবচেয়ে বেশি উইকেট শিকারী। ৯ ওভার বল করে তিন উইকেট নেওয়া অভিষেকই ভারতের শক্তিশালী ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন।

তিন উইকেটে ওই ম্যাচ জয়ের মধ্য দিয়ে প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ।

এই জয়ে উচ্ছ্বসিত অভিষেকের বাবা নড়াইল শহরের বাসিন্দা অসিত দাস। নিজের ছেলেসহ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব ক্রিকেটারের জন্য দোয়া চেয়েছেন তিনি।

Image
অভিষেকের বাবা অসিত দাস, ছবিতে বাঁয়ে

অভিষেকের বাবা অসিত দাস, ছবিতে বাঁয়ে

আনন্দের এই মুহূর্তে অভিষেকের পাশে দাঁড়ানো মাশরাফির ভূমিকার কথা বলতে ভোলেননি নড়াইল পৌরসভার রূপগজ্ঞ বাজারে একটি দোকানের কর্মচারী অসিত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলের এই অবস্থানে আসার পেছনে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির অনেক অবদান রয়েছে।

Image
মাশরাফির শহর নড়াইল থেকে এলেন তরুণ পেসার অভিষেক দাস

মাশরাফির শহর নড়াইল থেকে এলেন তরুণ পেসার অভিষেক দাস

“তিনি নিয়মিত অভিষেকের খোঁজ-খবর নেন, সহযোগিতা করেন। তার কাছে আমরা কৃতজ্ঞ।”

নিজেকে এখজন ‘খেলা পাগল’ মানুষ হিসেবে পরিচয় দিয়ে অসিত দাস বলেন, “নিজের সব কিছু দিয়ে ছেলেকে আজকে এই জায়গায় আসতে সাহযোগিতা করেছি। আমার দুই সন্তানের মধ্যে অভিযেক ছোট। বড় ছেলে দীপ দাস এমবিএ শেষবর্ষের ছাত্র। আজ আমি অনেক খুশি।”

যুব বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে এদিন অভিষেকের বাড়ির সামনে বাঁধাঘাট এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়। সেখানে অভিষেকের বাবাসহ ক্রিড়ামোদীরা খেলা দেখেন। দলের বিজয়ে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেন।

যুবাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “অভিনন্দন বাংলাদেশ, বিশেষ করে আমার শহরের অভিষেক দাস, রাকিবুল, শরীফুল, ঈমন এবং সব খেলোয়াড় ও কোচিং স্টাফ।”

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাপ্টেন ও ফাইনালের ম্যাচসেরা আকবর আলীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি।