রাজশাহীতে ‘পাওনা টাকা চাওয়ায়’ কলেজছাত্রকে ছুরিকাঘাত
‘পাওনা টাকা চাওয়ায়’ রাজশাহী নগরে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছে দুজন যুবক।
রোববার নগরের সিএন্ডবি মোড়ের গণপূর্ত মসজিদের গেটে এ হামলা হয় বলে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান।
আহত সোহানকে (২১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কোর্ট কলেজের উচ্চমাধ্যমিকের এই ছাত্র রাজাপাড়ার ভাটাপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শাহাদত হোসেন খান বলেন, সোহান এক যুবকের কাছে কিছু টাকা পেতেন। দুপুরে ওই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় তারা মারামারিতেও জড়ায়।
“এক পর্যায়ে চন্ডিপুর এলাকার দুই যুবক সোহানের বুকে ছুরি মেরে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে ওসি জানান।
“তবে আহত ছাত্রের সঙ্গে বেশিক্ষণ কথা বলা যায়নি বিধায় বিস্তারিত জানা যায়নি। তার অবস্থা গুরুতর।”
হামলাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে ওসি জানান।
