শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি হবে: আইনমন্ত্রী
মাদারীপুরের শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।
শুক্রবার শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় এই একাডেমির জন্য জায়গা পরিদর্শন করেন তিনি।
পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে এবং পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয় যাচ্ছে। সে কারণে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। আজ সেই জমি পরিদর্শন করলাম।”
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
