পুলিশ পরিচয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন (৪০) বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ করেছেন বলে ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।
ওসি মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই ব্যবসায়ী উপজেলার বকসনগর ইউনিয়নের টুকনিকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বাগমারা বাজারে তার একটি মোবাইল সামগ্রী, মোবাইল কার্ড ও রিচার্জের দোকান রয়েছে।
বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাজারের ইউসিবি এজেন্ট ব্যাংকের সামনের সড়ক থেকে কয়েকজন দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে একটি প্রবক্স গাড়িতে তোলে নিয়ে এই ছিনতাই করে বলে ওই ব্যবসায়ীর অভিযোগ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মত আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলাম।
“ইউসিবি এজেন্ট ব্যাংকের সামনে পৌঁছলে পেছন থেকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয় দিয়ে আমাকে বলে-‘তোর নামে থানায় অস্ত্র মামলা আছে’, বলেই জোড় করে আমাকে একটি প্রবক্স গাড়িতে তুলে মারধর করে।
“আমার হাত ও মুখ বেঁধে ফেলে এবং আমার কাছে থাকা নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা, রিচার্জ সিমে থাকা আরও দেড় লাখ টাকা, চারটি মোবইিল সেট ও আমার হাতে থাকা একটি সোনার আংটি তারা ছিনতাই করে নিয়ে নেয় “
পরে তাকে গাজিপুর গার্লস ক্লাবের সামনে একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় উল্লেখ করে তিনি আরো বলেন, আমি সেখান থেকে খুব কষ্টে বাড়িতে ফিরে এসে বৃহস্পতিবার দুপুরে বাগমারা বাজার বণিক সমিতির নেতাদের পুরো ঘটনা খুলে বলি। এরপর এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
