গোপালগঞ্জে স্কুল মাঠে পুকুর খনন, ১ লাখ জরিমানা
গোপালগঞ্জে স্কুলের জায়গা দখল করে পুকুর খনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি তার কেনা জমিতে এই পুকুর খনন করেছেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে মামুন খোন্দকার নামে এক ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়।
মামুন সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রেজাউল হক খোন্দকারের ছেলে।
ভূমি কর্মকর্তা মনোয়ার বলেন, ঘোনাপাড়া গ্রামের চরবয়রা ঘোনাপাড়া উচ্চবিদ্যালয় ও সিবি ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে মামুন পুকুর খনন করেন।
“এছাড়া মামুন ঘোনাপাড়া খাল দখল করে ভরাট করেছেন। এসব অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। “
বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে এ সাজা দেওয়া হয়েছে। জরিমানা না দিলে মামুনকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান ভূমি কর্মকর্তা ।
“গত বছর ১ ফ্রেব্রয়ারি মামুন স্কুল মাঠের কিছু অংশ দখল করে বাঁধ দিয়ে বালু ফেলেন। আমরা বাধা দিলে কাজ বন্ধ করে দেন। এরপর চলতি বছর ৩০ জানুয়ারি রাতে মামুন ফের স্কুলমাঠে চারটি এক্সক্যাভেটর দিয়ে পুকুর খনন করেন এবং কয়েকটি গাছ কাটেন।”
ঘোনাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, “মামুন অবৈধভাবে স্কুলের জায়গা দখল করে রাতের আঁধারে পুকুর খনন করে গাছ কেটে ফেলেন। ওই জায়গায় প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করে। তার কাটা পুকুর পাড়ের মাটিতে স্কুলের টিউবওয়েল ঢাকা পড়েছে। বাচ্চাদের খেলাধুলা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খানম ও পঞ্চম শ্রেণির ছাত্রী অহনা খানমসহ সবাই খেলাধুলার জন্য স্কুলের মাঠটি দখলমুক্ত ককার দাবি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাজাপ্রাপ্ত মামুন বলেন, “আমি স্কুলের ১০ শতাংশ জায়গা কিনেছি। সেখানে আমি ওই পুকুর খনন করেছি।”
