২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে দুর্ঘটনায় বাইকচালক নারী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক তরুণীসহ আরও এক পথচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 01:38 AM

Updated : 18 Aug 2022, 02:28 PM

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার এসআই আব্দুল জলিল জানিয়েছেন।

নিহত এ্যানি (২৩) শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী। তার উপজেলা সদর জেলা পরিষদ মার্কেটে আদিলা তানভির নামে একটি বিউটি পার্লার রয়েছে।

এঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বোন শারমিন (১৯) ও উপেন্দ্র সরকার (৭০)  নামে এক পথচারী আহত হয়েছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই জলিল জানান, সন্ধ্যায় এ্যানি তার বোনকে বাইকের পেছনে বসিয়ে নিজেই মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তারা শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে এলে উপেন্দ্র সরকার নামে এক পথচারীকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় এ্যানি তার বোন শারমিন ও পথচারী উপেন্দ্র সরকার আহত হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ্যানিকে  মৃত ঘোষণা করেন। পথচারী উপেন্দ্রর অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেন।

সংবাদ পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ বিনা ময়নাতদন্তে আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জলিল।