টেকনাফে দুদল রোহিঙ্গার সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৩
কথাকাটাকাটির জেরে কক্সবাজারের টেকনাফে একটি শরণার্থী ক্যাম্পে দুদল রোহিঙ্গার সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েঠে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
ওসি প্রদীপ বলেন, রাত ৯টার দিকে নয়াপাড়া শরণার্থী শিবিরে দুদল রোহিঙ্গার মধ্যে কথাকাটাকাটি হয়; এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।
“সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।”
ওসি বলেন, আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশংকাজনক দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানান ওসি প্রদীপ।
