পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পের চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
চীনের উহানে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজে থাকা দেশটির নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই জন চিকিৎসকের একটি মেডিকেল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে।
বরিশাল-ঝালকাঠি-ভাণ্ডারিয়া-পিরোজপুর-বাগেরহাট-খুলনা সড়কে পিরোজপুরের চরখালী ফেরিঘাটে কচা নদীর উপর চীনের একটি প্রতিষ্ঠান প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অষ্টম এ মৈত্রী সেতুটি নির্মাণ করেছে।
এ প্রকল্পে নিয়োজিত চীনা নাগরিকদের করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে ও করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
এমনকি এই করোনা ভাইরাস প্রভাব বিস্তারের সময় কেউ এই স্থান থেকে চীনে কেউ যায়নি এবং কেউ চীন থেকে আসেনি বলেও জানান এ চিকিৎসক।
মেডিকেল ক্যাম্পের আরেক চিকিৎসক তারিক আজিজুল্লাহ বলেন, সেতু প্রকল্পে থাকা চীনা নাগরিকদের নিয়মিত চলাফেরার জন্য মাস্ক ব্যবহারসহ করোনা ভাইরাসের প্রকোপ তকে রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তারিক।
তিনি বলেন, “এখান থেকে কেউ চীনে যায়নি এবং কেউ নতুন করে আসেনি। তাদের এখানে কেউ অসুস্থ হয়নি। করোনাভাইরাস রোধে সকল নিয়ম মেনে চলা হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো.হাসনাত ইউসুফ জাকী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা হাসপাতালে একটি আলাদা ইউনিট খোলা হয়েছে।
কেউ জ্বরে আক্রান্ত হলে তাকে ১৪ দিন পর্যন্ত ওই ইউনিটে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।
