খুলনায় ‘আল্লাহর দলের’ ২ সদস্য আটক
খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব ৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার সন্তোষনগরের আলতব হোসেনের ছেলে ফসিয়ার রহমান (৫২) ও একই এলাকার চান্দালী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম মোড়ল (৪৭)।
র্যাব কর্মকর্তা আশরাফুল বলেন, গত ৩ এপ্রিল পূর্ববানিয়া খামার এলাকায় ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্য ও ৩০ ডিসেম্বর খোলাবাড়িয়া এলাকা থেকে পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের আটকের জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি ছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তা বলেন, আটক ফসিয়ার ও জাহাঙ্গীরের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও এক হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এ সংগঠনের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন এলাকা থেকে সদস্য ও অর্থ সংগ্রহ এবং কর্মীদের শপথ গ্রহণের মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিলেন।”
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আশরাফুল ইসলাম।
