গাজীপুরে ৩ ঘণ্টা পর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর শহরের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের আগুন তিন ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, শুক্রবার বেলা দেড়টার দিকে কারখানাটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগে।
খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসলাম গ্রুপের পরিচালক ঢাকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিভে গেছে। আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
