প্রকাশ্যে কলেজছাত্রীকে চড়-থাপ্পর সহপাঠী তরুণের
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দুই কলেজছাত্রীকে মারধর করেছে এক তরুণ, যে ওই দুই ছাত্রীর সহপাঠী।
মাওনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর পুলিশ ওই ছেলেকে আটক করলেও পরে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়।
এই তরুণ ও দুই ছাত্রী স্থানীয় অধাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সিসি ক্যামেরা ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, দুপুর ১টা ১৭ মিনিটে ওই তরুণসহ দুই ছাত্রী মাওনা চৌরাস্তার শ্রীপুর সড়ক পারাপার হচ্ছেন। সড়ক পার হওয়ার একটু পরই ছেলেটি ওই দুই ছাত্রীর পেছন থেকে চড় থাপ্পর মারতে থাকেন।
শ্রীপুর থানার এসআই জহির রায়হান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ওই তরুণকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হলেও ঘটনার জন্য সে অনুতপ্ত।
“তাৎক্ষণিক ওই মেয়েরা কোনো অভিযোগ না করায় এবং ওই তরুণের স্বজনরা এসে অনুরোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
তবে কী কারণে ছেলেটি ওই ছাত্রীদের মারধর করেছে তা জানা যায়নি।
ছেলেটির বাবা সাংবাদিকদের বলেন, ওই দুই ছাত্রী ও তার ছেলে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
