নওগাঁয় বাস-ট্রাক সংঘর্ষে মাছ বিক্রেতা নিহত
নওগাঁয় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম হোসেন (৩৫) রাজশাহীর বাগমারা থানার মাদারিগঞ্জ গ্রামের কাছের আলীর ছেলে।
ওসি সোহরাওয়ার্দী বলেন, কালাম বাগামারা থেকে মিনি ট্রাকে করে মাছ নিয়ে বগুড়া যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।
পরে আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান। পুলিশ বাস ও ট্রাক উদ্ধার করেছে।
