ঝিনাইদহে তদন্তে গিয়ে হামলায় ২ পুলিশ আহত
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে আসামির স্বজনদের হামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুই সদস্য আহত হয়েছেন।
উপজেলার আড়পাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানান।
আহতরা হলেন-ঝিনাইদহ পিবিআইয়ের এসআই হাফিজুর রহমান ও এসআই সোহেল রানা।তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর বলেন, কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামি সাব্বিরের বাড়িতে তদন্তে যায় পিবিআইয়ের সদস্যরা। সেখানে ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি’ উদ্ধার করতে গেলে সাব্বিরের পরিবারের লোকজন পিবিআই সদস্যদের উপর হামলা চালায়।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান খান বলেন, গত ৩০ ডিসেম্বর বাড়ি থেকে গ্রামে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র আলামিন (১৩)। পরে চার ডিসেম্বর ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আলামি কালীগঞ্জ পৌরসভা এলাকার আড়পাড়া আউতুল হেরা হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাব্বির হোসেন ও ইয়াসিন আরাফাত হৃদয় নামের দুই জনকে আটক করে।
আটকদের তথ্যে বুধবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ওসি।
