২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩৫৫ ছাত্রী পেল বাইসাইকেল

গোপালগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলায় ৩৫৫ জন ছাত্রী বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 02:39 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

‘আপন আলো জ্বালো প্রতিপাদ্যে আমি অদম্য, আমি সাহসী, আমি দিশারি, আমি স্বপ্নেভরা এক কিশোরী’- এই প্রতিপাদ্যে মুজিববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ১০৪টি মাধ্যমিক স্কুলের ৩৫৫ শিক্ষার্থীদের বাইসাইকেল দেন জেলা প্রশাসক শাহিদা।

এ কর্মসূচিতে সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও গোপালগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিরা অর্থায়ন করেন।

শিক্ষার্থী কাজী কামরুন্নাহার নিশি বলেন, “আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি। তাই ভ্যানে অথবা পায়ে হেঁটে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কষ্টকর ছিল। জেলা প্রশাসকের দেওয়া সাইকেল পেয়েছি। এখন সঠিক সময়ে স্কুলে যেতে পারছি।”

ফাতেমা খানম বলেন, “এখন আমরা সময়মতো প্রাইভেট পড়তে যেতে পারছি। আমদের মনোবল বেড়ে গেছে।”

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্য ভূমি চত্ত্বরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সায়াদ উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, সহকারী কমিশনার ভূমি মো. মানোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান ও শিক্ষার্থী মেহেরুন ইসলাম রুম্পা ক্তব্য রাখেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “জেলার গ্রাম এলাকায় অনেক মেধাবী ও গরীব পরিবারের শিক্ষার্থী রয়েছে, যাদের বাড়ি স্কুল থেকে বেশ দূরে। এ কারণে তারা সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে যেতে পারবে, লেখাপড়ায় আরও মনোনিবেশ করবে। মেয়েরা আত্মনির্ভরশীল হবে।”

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা বলেন, “বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছসিত। তাদের মধ্যে অদম্য সাহস তৈরি হয়েছে।”