নির্মল সেন স্মরণে গোপালগঞ্জে সভা
সাংবাদিক ও রাজনীতিক মুক্তিযোদ্ধা নির্মল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে গোপালগঞ্জে।
বুধবার সকালে কোটালীপাড়া উপজেলায় দিঘীরপাড় গ্রামে এ স্মরণসভা আয়োজন করে ‘নির্মল সেন স্মৃতি সংসদ। ‘
১৯৩০ সালের ৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে জন্মান নির্মল সেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি ৮৩ বছর বয়সে মারা যান ঢাকার ল্যাবএইড হাসপাতালে।
ঢাকার ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট এবং পরে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক সুরেন্দ্রনাথ সেন গুপ্ত ও লাবণ্য প্রভা সেন গুপ্তর পঞ্চম সন্তান তিনি।
দেশভাগের পর তিনি ছাড়া অন্য সন্তানদের নিয়ে তার বাবা-মা কলকাতা চলে যান। তিনি দেশে থেকে যান। তিনি ঝালকাঠি জেলায় তার পিসির বাড়িতে বড় হন। কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে ম্যাট্রিক পাস করেন। বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্রিটিশ বিরোধী ‘ভারত ছাড়ো’ আন্দোলনের কর্মী হিসেবে স্কুলজীবনেই রাজনীতিতে জড়ান তিনি। কলেজ জীবনে অনুশীলন সমিতির সদস্য ছিলেন। পরে
১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে শুরুর করে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় সাংবাদিক ছিলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতিও হয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষকও ছিলেন।
তার লেখা গ্রন্থ রয়েছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, মানুষ সমাজ রাষ্ট্র, বার্লিন থেকে মস্কো, মা জন্মভূমি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমার জীবনে ৭১ এর যুদ্ধ ও আমার জবানবন্দি।
কোটালীপাড়ায় এ স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, শেখ লুৎফর রহমান কলেজেলে প্রাক্তন শিক্ষক কার্তিক বিশ্বাস, কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু ও আয়োজন সংগঠন নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি রতস সেন কঙ্কন।
