২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখেভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবি, শিশু নিখোঁজ

এক শিশুর মুখেভাত অনুষ্ঠান শেষে মন্দির থেকে ফেরার পথে গাজীপুরে নদীতে নৌকা ডুবে আরেক শিশু নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহতও হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 11:02 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

পুলিশ জানায়, কাপাসিয়া উপজেলার সিংহশ্রী নয়ানগর এলাকায় ব্রহ্মপুত্র নদীতে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা গেলেও ওই শিশুর খোঁজ মেলেনি।

নিখোঁজ তিথি ধর (১০) ময়মনসিংহের পাগলার নিগুয়ারী ইউনিয়নের মতিলাল ধরের মেয়ে।

আহতদের মধ্যে রয়েছেন নৌকার মাঝি কমলেশ ও শ্রাবণ ধরসহ (৬ মাস) তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপাসিয়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে শ্রাবণ ধরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শ্রাবণ ধর একই এলাকার বিশ্বনাথ ধরের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, শ্রাবণ ধরের মুখে প্রসাদ দিতে আত্মীয়-স্বজন নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি মন্দিরে গিয়েছিলেন বিশ্বনাথ ধর।

“সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় ফেরার পথে সিংহশ্রী এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে সংর্ঘষ হয়।”

ওসি রফিকুল বলেন, বালুবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে নদীর কাপাসিয়া অংশে ও কয়েকজন পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের পাগলা এলাকায় তীরে পৌঁছান।

নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নৌকাটি ডুবে যাওয়ার পর রাত থেকেই জাল ফেলে নিখোঁজের সন্ধান করেছেন স্থানীয়রা।