গাজীপুরে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।এ ঘটনায় তার আহত হয়েছেন তার স্বামী।
উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া জানান।
নিহত শাহনাজ পারভীন (৪৫) শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুরুল আমিনের স্ত্রী এবং আব্দুল ছাত্তারের মেয়ে।
আহত নুরুল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাতে এসআই বলেন, বিকালে স্কুল ছুটির পর উপজেলার গাজীপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকা মেয়ের বাড়িতে বেড়াতে যান পারভীন।
“সেখান থেকে সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পারভীন মারা যান।”
ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে এসআই নয়ন জানান।
