ফরিদপুরে সমবায় সমিতির নারী ব্যবস্থাপনা পরিচালক খুন
ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি সমবায় সমিতির এক নারী ব্যবস্থাপনা পরিচালক খুন হয়েছেন।
মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, লিপি আক্তার (৩৫) নামে এই নারীকে হত্যার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মামলা হয়েছে।
লিপি ‘চন্দনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি উপজেলার বাগাট মুন্সিপাড়া গ্রামের মির্জা শহিদুল ইসলামের স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঠাকুরপাড়া ও মুন্সি পাড়া গ্রামের মাঝামাঝি একটি আখক্ষেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, বৃস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাগাট বাজারের অফিসে কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হন লিপি। তার স্বামী তার দুটি মোবাইল ফোনই বন্ধ পান।
ঘটনার পর থেকে লিপিকে নিয়মিত বহনকারী ভ্যানচালক ১৬ বছরের এক কিশোর নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মধুখালী থানার পরিদর্শক সাইফুল আলম বলেন, তারা ওই কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
এ বিষয়ে ওসি আমিনুল বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
ঘটনার তদন্তের আগে তিনি এর বেশি কিছু বলতে চাননি।
বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান বলেন, “রাতে ফেরার সময় তার কাছে টাকা থাকতে পারে এই ধারণা থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
এ ব্যাপারে লিপির ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মধুখালী থানায় শুক্রবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
