গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারী ও যুবকের মৃত্যু
গোপালগঞ্জে মাহেদ্র দুর্ঘটনায় এক যুবক এবং ট্রাকের ধাকায় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহা-সড়কের সদর উপজেলার পাথালিয়ায় এবং বৃহস্পতিবার রাতে একই সড়কের ঘোনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে বাগেরহাটের পিসি কলেজের ছাত্র বিশ্বজিৎ মণ্ডল (২৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামের তাওহীদ মোল্লার স্ত্রী লাবনী বেগম (২৬)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া থেকে একটি মাহেন্দ্রতে করে ঘোনানাপাড়া যাচ্ছিলে বিশ্বজিৎ।
“পথে একটি ট্রাক মাহেন্দ্রটি চাপা দিলে ঘটনাস্থলেইবিশ্বজিৎ নিহত ও অপর দুইজন আহত হয়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার রাতে ঘোনাপাড়ায় সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস লাবনী বেগমকে চাপা দেয়।
“পরে লাবনীকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
