২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বিভাগে হবে ক্যান্সার ও কিডনি ইনস্টিটিউট: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক দেশের আট বিভাগে আটটি ক্যান্সার ইনস্টিটিউট ও আটটি কিডনি ইনস্টিটিউট করা হবে বল জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 11:40 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

এছাড়া শিগগিরই দেশে ৫০০ ইউনিট ডায়ালসিস ও ৫০০ ইউনিট আইসিইউ বেড বাড়ানো হবে।

ইতিমধ্যে ঢাকায় ৩০০ বেডের ক্যান্সার ইনস্টিটিউটকে ৫০০ বেডে উন্নীত করা হয়েছে বলে তিনি জানান।

রোববার সন্ধ্যায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে সাড়ে চার হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আরও সাড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।”

এর আগে মন্ত্রী গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এক অনুষ্ঠানে বলেন, “দেশে এত উন্নয়ন হচ্ছে, এত কিছু করার পরও রোগীরা বাইরে যাচ্ছে কেন? এত উন্নয়নের পরও রোগীরা কী কারণে বাইরে যাচ্ছে তা খুঁজে বের করতে হবে।”

গতানুগতিক কাজ না করে নতুন কিছু চিন্তা করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ বন্ধ রয়েছে। আমরা শীগ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করব। স্বাস্থ্য খাতে জনবলের অভাব রয়েছে। আমরা সেটাও পূরণ করব।”

স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমির সভাপতিত্বে কাপাসিয়ার আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাবীবুর রহমান, পরিবার পরিকল্পনা কল্যাণ বিভাগের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিচালক মো. শরীফ, উপ পরিচালক লাজু সামসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসের, অতিরিক্তি পুলিশ সুপার জহিরুল ইসলাম, ইউএনও ইসমত আরা প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক আমীর হোসাইন রাহাতের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব হাবীবুর রহমান খান, মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, জেলা বিএমএ সহসভাপতি মনিরুজ্জামান প্রমুখ।