২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এক কারখানায় ছাদ ধসে শ্রমিক নিহত

গাজীপুরে পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 06:43 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকার পোশাক কারখানা লিবাস টেক্সটাইল লিমিটেডের নির্মাণাধীন জেনারেটর ভবনের ছাদ ধসের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারকে আটক করেছে পুলিশ।

নিহত শ্রমিক আমজাদ হোসেন জমাদ্দার (৩৫) ভোলা জেলার চরফ্যাশন থানার চর আফজাল এলাকার সিদ্দিক হোসেন জমাদ্দারের ছেলে।

এ ঘটনায় আটক ঠিকাদার কবির হোসেনের (৪৫) বাড়ি বরগুনা জেলায়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড নামের এক পোশাক কারখানার নির্মাণাধীন জেনারেটর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

“দুপুরে জোড়াতালি দেওয়া বাঁশের খুঁটি ভর সামলাতে না পেরে নির্মাণাধীন ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে ছাদের নিচে চাপা পড়ে শ্রমিক আমজাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকালে নিহতের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।