পুলিশ ভেরিফিকেশনের স্বয়ংক্রিয় তথ্য যাবে আবেদনকারীর মোবাইলে
‘পুলিশ ক্লিয়ারেন্স’ ও ‘পাসপোর্টের ভেরিফিকেশন’এর প্রতিটি ধাপের বার্তা আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস করে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার।
রোববার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, সম্প্রতি ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যার (পিপিসি) ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার নাম, মোবাইল নম্বর এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নম্বর পেয়ে যাবেন।
“এতে করে আবেদনকারী তার ভেরিফিকেশনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।”
জরুরি ক্ষেত্রে তিন দিন ও সাধারণ ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার জানান, পুলিশের প্রতিবেদন আবেদনকারীদের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক না কেন তা বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হবে।
“নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করলে ঢাকা রেঞ্জের মনিটরিং শাখা ও জেলা পুলিশ সুপার কে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান করবে সফটওয়্যারটি।
“এছাড়া তদন্ত সংশ্লিষ্ট কোনো অভিযোগ বা পরামর্শ জানাতে আবেদনকারীর মোবাইলে পাঠানো ঢাকা রেঞ্জের সাপোর্ট নম্বরে ফোন করে জানাতে পারবেন।”
পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট তদন্তে হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে তিনি আশা করছেন।
পুলিশ সুপার বলেন, “জনগণকেও সচেতন হতে হবে যাতে কোনো রকম ভেরিফিকশনে তারা অর্থের লেনদেন না করেন। পুলিশের কোনো সদস্য যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে তারা যেন পুলিশ সুপারের ০১৭১৩ ৩৭৩৫৫০ নাম্বারে অভিযোগ করেন।
“শতভাগ নিশ্চয়তার সাথে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ জেলায় প্রতি মাসে গড়ে দুই হাজার পাসপোর্ট ভেরিফিকেশন ও এক হাজার ৩শ পুলিশ ক্লিয়ারেন্সের জন্যেআবেদন পড়ে উল্লেখ করে তিনি বলেন, এ প্রযুক্তি চালু হওয়ায় খুব সহজেই সেবা পাবে জনগণ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মো. সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, প্রফেসর মো. শাহজাহানসহ ফরিদপুরের কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
