নিখোঁজের ৮দিন পর ড্রেনে শিশু ছাত্রের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলায় নিখোঁজের আট দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম জানান, শনিবার বিকেলে মনিপুর এলাকার একটি নালা থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত সম্রাট (৯) পাবনা সদর উপজেলার চর আতোষপুর এলাকার মো. ফজর আলীর ছেলে। মনিপুর মডেল কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।
ফজর আলী মনিপুর বাজার এলাকায় কফিল উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় আসবাব কারখানায় রংমিস্ত্রির কাজ করেন।
তিনি বলেন, গত ২০ ডিসেম্বর বেলা ১১টার দিকে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় তার ছেলে। কোথাও খুঁজে না পেয়ে জয়দেবপুর থানায় জিডি করেন তিনি।
পরিদর্শক মুজাহিদুল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ইউনিট্যাক্স পোশাক কারখানার পুব পাশের নালা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করেন তারা।
