২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় এক পিক-আপ চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 03:33 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার বরমী ও শিরিরচালা এলাকায় ওই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলিয়াপাড়ার মাছ ব্যবসায়ী বুর্জু মিয়া (৬০) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ধিওরের আব্দুল মালেকের ছেলে পিক-আপ চালক মো. শহীনুর (৩০)।

আহতরা হলেন বুর্জু মিয়ার দুই মেয়ে তানিয়া আক্তার (১৮) ও সাদিয়া আক্তার (১৪) এবং আড়াই বছরের ছেলে মোহাম্মদ মাহিন।

আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা কাওরাইদ থেকে যাত্রী নিয়ে স্থানীয় জৈনাবাজার এলাকায় রওনা দেয়।

“পথে সোহাদিয়া গ্রামে সকাল পৌনে ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তার তিন সন্তান আহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বুর্জু মিয়াকে মৃতাবস্থায় এবং তার সন্তানদের গুরুতর আহত অবস্থায় এ হাসপাতালে আনা হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশের ধারণা, বলন তিনি।

মাওনা মহাসড়ক থানার এসআই মো. আবুল হাসেম জানান, শ্রীপুর উপজেলার শিরিরচালায় (পুষ্পদাম রিসোর্টের সামনে) সকাল সোয়া ৭টার দিকে ঢাকাগামী একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিহ মহাসড়কের পুষ্পদাম রিসোর্টের সামনে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

“এতে পিক-আপটির সামনের বেশিরভাগ অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালক শাহীনুরের মৃত্যু হয়েছে।”

দুর্ঘটনার প্রকৃতি দেখে মনে হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এ দূর্ঘটনাটি ঘটেছে, বলেন তিনি।