২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ইটিই শিক্ষার্থীদের অনশনের হুমকি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলনরত ইটিই-এর শিক্ষার্থীরা অনশনে যাওয়ার  হুমকি দিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 12:53 PM

Updated : 08 Apr 2022, 05:15 PM

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা গত মঙ্গলবার তাদের বিভাগীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপাচর্য বরাবর একটি পত্রে এই হুমকি দেন।

তবে বিভাগীয় চেয়ারম্যান এ বিষয়ে তার ক্ষমতা সীমিত উল্লেখ করে কিছু করার নেই বলে মনে করেন। 

বেশ কিছুদিন ধরে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন।  

ইটিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, তিনিসহ তাদের বিভাগের আরও তিন শিক্ষার্থী গত মঙ্গলবার এই দাবিতে বিভাগীয় চেয়ারম্যানের কাছে একটি পত্র দিয়েছেন। সেখানে তারা দাবি আদায়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন।

তিনি বলেন, “আমরা দীর্ঘ ৬৬ দিন ধরে আমাদের বিভাগকে ইইই-এর সঙ্গে একীভূতকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। 

“এ দাবি মেনে নিতে আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বিভাগীয় চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে না নেয়, তাহলে  আমরা ১৬ জানুয়ারি থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার পাশাপাশি আমরণ অনশন করব।”

এ ব্যাপারে ইটিই বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বলেন, “এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানের কিছুই করার নেই। বিষয়টি সমাধানের জন্য পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত উপাচার্য প্রয়োজন। তাই উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ বিষয়টির সমাধান সম্ভব নয়।”

তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানিয়েছেন বলে জানান।

ইটিই গ্রাজুয়েটদের চাকরির সুযোগ ক্রমাগত সংকোচিত হচ্ছে দাবি করে গত ১৭ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিইকে ইইই বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।