সিরাজগঞ্জে দেবে যাওয়া সেতুর পাশে অস্থায়ী রাস্তায় যান চলাচল শুরু
সিরাজগঞ্জে দেবে যাওয়া সেতুর পাশে অস্থায়ী রাস্তা তৈরির পর ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
জেলার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতি এলাকায় একটি পুরনো সেতু দেবে গেলে বুধবার সন্ধ্যার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল শুরু করে নাটোর হয়ে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমানিক বলেন, দেবে যাওয়া সেতুর পাশে ইট-বালু ও খোয়া দিয়ে অস্থায়ী বিকল্প রাস্তা নির্মাণের পর বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে আবার যান চলাচল শুরু কয়।
“বিকল্পটি সড়কটি তদারকের জন্য একজন উপ-সহকারী ও একজন কার্য সহকারীর নেতৃত্বে ১২ জন শ্রমিককে সার্বক্ষণিক ঘটনাস্থলে রাখা হয়েছে। কোনো প্রকার সমস্যা দেথা দিলেই তারা সেখানে মেরামত করে বাস্ততম এই মহাসড়কটি সচল রাখার চেষ্টা করছেন।”
নিচু ও ৪০০ ফুট লম্বা বিকল্প এই রাস্তা দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। দেবে যাওয়া এই সেতুর পাশে নতুন সেতু নির্মাণের কাজ চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান বলেন, বিকল্প সড়কের কাছে বাড়তি নিরাপত্তা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
