রাজশাহীতে পুলিশ থেকে আসামি ছিনতাই
রাজশাহীর বাগমারায় পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেপ্তারকৃতিএক আসামিকে ছিনতাই করেছে তার লোকজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ওই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন।
ছিনতাই হওয়া জাবের আলী (৪৫) চলতি বছর ২৯ নভেম্বরের একটি মারপিটের ঘটনার আসামি।
পরিদর্শক মিজানুর রহমান বলেন, পলাতক জাবের আলীর অবস্থান জানতে পেরে রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তারে পুলিশ বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
“গ্রেপ্তারের পর থানায় নেওয়ার জন্য বাজার থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের উপরে হামলা চালিয়ে জাবেরকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্থিতে পুলিশের দুই সদস্য আহত হন।”
তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে তারা বাগমারা থানায় অবহিত করলে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। জাবেরসহ অন্যদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশের দুইটি টিম।
তিনি আরও বলেন, ২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেন বাজার করার জন্য বটতলী বাজারে গেলে জাবেরসহ তার বাহিনীর সদস্যরা মোবারক হোসেনকে পিটিয়ে জখম করে। বাজারের লোকজন মোবারক হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদী হয়ে জাবের আলীসহ ১০ জনকে আসামী করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
